অনুমোদন পেলো আগর রেজিন সঞ্চয়ন প্রযুক্তি উদ্ভাবন প্রকল্প
কৃত্রিম পদ্ধতিতে স্বল্প সম্পূর্ণ বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সঞ্চয়নকারী কিট ও এর সফল প্রয়োগ পদ্ধতি উদ্ভাবন করার উদ্যোগ নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এজন্য মঙ্গলবার (২২ জুন) ‘উন্নতমানের আগর রেজিন সঞ্চয়ন প্রযুক্তি উদ্ভাবন’ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মোট ৬৭ কোটি ৯২ লাখ টাকা খরচে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে।
বরাদ্দকৃত অর্থে বিশেষায়িত গবেষণাগার স্থাপনের মাধ্যমে কৃত্রিম পদ্ধতিতে স্বল্প সম্পূর্ণ বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সঞ্চয়নকারী কিট ও এর সফল প্রয়োগ পদ্ধতি উদ্ভাবন করা হবে। এছাড়াও প্রকল্পের অধীনে উদ্ভাবিত আগর রেজিন সঞ্চয়ন প্রযুক্তি সংশ্লিষ্টদের মাঝে হস্তান্তরের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দেশের তিনটি বিভাগের ছয়টি জেলায় বাস্তবায়ন করা হবে।
এদিনে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মোট চার হাজার ১৬৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। পাস হওয়া প্রকল্পগুলোর সবগুলোই নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হবে। এর মধ্যে সরকার দেবে ৪ হাজার ১২৫ কোটি ৮২ লাখ টাকা এবং বাকি ৪০ কোটি ৭৯ লাখ টাকা সংস্থার নিজস্ব ফান্ড থেকে ব্যয় হবে।
একনেক সভা শেষে সাংবাদিকদের সামনে প্রকল্পগুলোর বিস্তরিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সাতটি নতুন এবং তিনটি সংশোধিত।